বিমানবন্দরে হেনস্তার পর ড. ইউনূসের অবস্থা জানালেন লামিয়া মোরশেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভালো আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ড. ইউনূসের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে লামিয়া মোরশেদ লেখেন, ‘ওই ব্যক্তিরা জেএফকে বিমানবন্দরে হেনস্তা করার কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো যাত্রাপথে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি একদম ভালো আছেন। এই ঘটনা ওই ব্যক্তিদের চরম বর্বরতা ও তাদের প্রকৃত অসহায়ত্ব প্রকাশ করেছে। এতে স্যারের কিছুই হয়নি। সমর্থন জানিয়ে অনেক বার্তা পাঠানোর জন্য প্রিয় বন্ধুদের ধন্যবাদ।’

এর আগে স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তার পাশে লাগেজ হাতে ছিলেন লামিয়া মোরশেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর এলাকায় হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। তারা তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।
বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। এ ছাড়া দেশ ও বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা।
ভিডিওতে আরও দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীর মধ্যে শান্তভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ড. ইউনূস। এ সময় তাকে ঘিরে বিক্ষোভকারীরা বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ জানাতে থাকেন।
এসি//