সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শোক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিও।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাউদ্দিন আহমেদ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সালাউদ্দিন আহমেদ রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় দলটির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শ্যামপুর-কদমতলী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে পরিচিতি অর্জন করেছিলেন সালাউদ্দিন আহমেদ।
এসি//