বিএনপি

ড. ইউনূসের সঙ্গে অসদাচরণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ঘটনাকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করেছেন।

তার দাবি, এ ঘটনা শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ রাজনীতির ধারাবাহিকতা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুশোচনার অভাবের বহিঃপ্রকাশ।

রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কারণেই ড. ইউনূসের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে তিনি মনে করেন। ড. ইউনূস শুধু বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টাই নন, নোবেলজয়ী ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। বিমানবন্দরে তার সঙ্গে অসদাচরণ করে বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বিবৃতিতে রিজভী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে গুম, খুন ও গুপ্তহত্যার মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই শাসনের সহযোগী ব্যক্তিরা দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছেন এবং তাদের কেউ কেউ ড. ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে জড়িত বলে তিনি দাবি করেন।

রিজভীর মতে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের মধ্যে প্রতিহিংসাপরায়ণ ও সহিংস মনোভাবের পরিবর্তন হয়নি।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে-বিদেশে কর্মীদের উসকানি দিচ্ছেন এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন।

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন