আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে এ ধরনের অস্ত্রের প্রয়োজন নেই। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করেননি তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের এর প্রয়োজন নেই।’

সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত শক্তিশালী বোমা ব্যবহারের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প স্পষ্ট করেন, এটি পারমাণবিক অস্ত্র নয়; বরং প্রচলিত ধরনের একটি শক্তিশালী বোমা।

ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার সম্ভাবনা প্রসঙ্গে ট্রাম্প বিশেষভাবে ভূগর্ভে অবস্থিত বলে ধারণা করা পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রয়োজন হলে সেখানে হামলা চালিয়ে দ্রুত স্থাপনাটি ধ্বংস করা হবে। তবে এ ধরনের অভিযানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এই নিশ্চয়তা ছাড়াই মার্কিন বাহিনী অভিযান শেষ করে ফিরে এলে এক বছরের মধ্যে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। 

ট্রাম্প দাবি করেন, ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান বন্ধের অনুরোধ জানিয়েছেন। দুই পক্ষের মধ্যে আলোচনা চলার কারণেই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান স্থগিত রেখেছে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন