অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে : বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘ফ্যাসিস্টসরকার ১৭ বছর যা ক্ষতি করেছে, পাশাপাশি বিগত ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে। দেশে যেন নির্বাচন না হয়, অস্থিরতা থাকে তার জন্য ইন্টেরিম সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশে যা অপতথ্য ছড়ানো হচ্ছে তা একটি দলের, যাকে আমরা বটবাহিনী বলি। তারাই এসব করছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা দরকার।’
তিনি বলেন, বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছিল। তবে জনগণ তা হতে দেয়নি। ক্ষমতা গ্রহণের পরপরই সরকারকে বৈশ্বিক নানা সংকটের মুখে পড়তে হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের প্রভাব দেশেও পড়েছে। এ সংকট শুধু দেশে নয়, বিশ্বব্যাপী।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, দেশে চলমান গ্যাস সংকট নিরসনে আরও এক বছর সময় লাগতে পারে। এরপরও যতটুকু সম্ভব আমদানি করে সরকার গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে। ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ দেশের কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে।
আই/এ