ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
সুনামগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা রেজিয়া খাতুনকে (৭০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে নুরুল আলমের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় নুরুলকে আটক করেছে পুলিশ। রেজিয়া খাতুন কাইয়ারগাঁও মধ্যপাড়ার মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানান, ভোরে হঠাৎ ঘুম থেকে উঠে নুরুল ঘরে রাখা ধারালো দা দিয়ে ঘুমন্ত মাকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। তখন পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রেজিয়ার চিৎকারে ঘুম ভেঙে তারা দেখতে পান, নুরুল মাকে বিছানায় কুপিয়ে পালানোর চেষ্টা করছে।
পরে তারা বিষয়টি গ্রামবাসীকে জানালে গ্রামবাসী ও রেজিয়ার স্বজনেরা নুরুলকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।
এসআই জোহাব আলী জানান, নেশার টাকা চাওয়া নিয়ে মা-ছেলের নিয়মিত ঝগড়াবিবাদ হতো। এ কারনে আজ এ ঘটনা ঘটে। পুলিশ রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আই/এ