২ অস্ট্রেলীয় ও ১ মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় ৩ জনকে ১৫৮ বছরের কারাদণ্ড
মেক্সিকোতে সার্ফিং করতে গিয়ে দুই অস্ট্রেলীয় ভাই ও তাদের এক মার্কিন বন্ধুকে হত্যার দায়ে তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত
শনিবার (১৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার উপকূলীয় শহর এনসেনাদার একটি আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন যিশুস জেরার্দো গার্সিয়া, যিনি ‘এল কেকাস’ নামে পরিচিত, ইরিনিও ফ্রান্সিসকো এবং অ্যাঞ্জেল যিশুস। হত্যা, সহিংসভাবে ছিনতাই এবং সহিংসতার মাধ্যমে গাড়ি চুরির দায়ে তাদের এ সাজা দেওয়া হয়েছে।
এর এক সপ্তাহ আগে দুই অস্ট্রেলীয় ভাই ক্যালাম রবিনসন (৩৩) ও জেক রবিনসন (৩০) এবং তাদের মার্কিন বন্ধু জ্যাক কার্টার রোডকে (৩০) হত্যার দায়ে তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। এর আগে বাজা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রত্যেক আসামির জন্য ২১০ বছরের কারাদণ্ড চেয়েছিল।
২০২৪ সালের এপ্রিলের শেষ দিকে সার্ফিং করতে মেক্সিকো যান ক্যালাম ও জেক রবিনসন এবং তাদের বন্ধু জ্যাক কার্টার রোড। তারা জনপ্রিয় পর্যটন শহর এনসেনাদার কাছে পুন্তা সান হোসে সৈকতে সার্ফিং করতে গিয়েছিলেন।
২৭ এপ্রিল রাতে সৈকতে তাবু টাঙিয়ে অবস্থান করেন তারা। কয়েকদিন তাদের খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। এ অভিযানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও সহায়তা করে।
৩ মে একটি কূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। কূপটির গভীরতা ছিল ১৫ মিটারের বেশি। তাদের সবার মাথায় গুলির চিহ্ন ছিল।
এমএ//