নিখোজের দুই দিন পর ১০ মাসের শিশুর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের প্লাস্টিক ব্যাগভর্তি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নিখোঁজ হয় রাইয়ান। মৃত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে। পারিবারিক বিরোধের জেরে আলআমিন শিশু রাইয়ানকে হত্যা করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে । কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমানা বেগম বাইরে ঘর লেপা ও ঝাড়া মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ০৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে উঠে তাদের ঘরে তার শ্যালিকার স্বামী আল আমিনকে দেখতে পেয়ে আবারও ঘুমিয়ে পড়েন।
এর কিছুক্ষন পরই শিশুটি নিখোজ হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আলআমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুর মা রুমানা। ওই দিন দুপুরেই পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় জনগন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আই/এ