দেশজুড়ে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দ্য ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কারখানার হারবাল সেকশন ও স্টোরেজ এলাকায় লাগা আগুন  নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কারখানার ছয়তলা ভবনের নিচতলার হারবাল সেকশন বা স্টোরেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। সেখানে বিপুল পরিমাণ ওষুধ, রাসায়নিক ও প্লাস্টিকজাতীয় পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বিবেচনায় গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার।

দ্য ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্ল্যান্ট হেড মো. আব্দুল খালেক জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে।

আই/এ

আ

এ সম্পর্কিত আরও পড়ুন