অর্থনীতি

আজ যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

স্বর্ণের বাজারে দামের ওঠানামার মধ্যে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানোর পর দেশের বাজারে এখন সেই নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে স্বর্ণালঙ্কার।

রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দাম কার্যকর রয়েছে। একই সঙ্গে কমেছে রুপার দামও।

বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হয়। এর আগে গত ৯ অক্টোবর ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। পরবর্তী সময়ে দাম কমানোর সিদ্ধান্তে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়।

এদিকে, স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে মজুরি ও ভ্যাট নির্ধারণেও নির্দেশনা দিয়েছে বাজুস।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, নকশার ধরন বিবেচনায় অলংকার তৈরির মজুরি নির্ধারণ করা হবে। পাশাপাশি ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বা অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। তবে অলংকার ও পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

বাজুসের পরবর্তী মূল্য সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সংস্থাটির নির্ধারিত বিক্রয়মূল্য বহাল থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন