আন্তর্জাতিক

অভিজিৎ মুক্ত, এখনো কারাগারে সিজেপির দুই নেতা

দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেপ্তার ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদন করেছেন দলটির আইনজীবীরা। জামিনদারদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ আবেদন করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইনজীবীদের দাবি, আটকের দিন জামিনদার উপস্থিত না থাকায় সৌরভ ও আশুতোষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

অন্যদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুই নেতার জামিনদারদের দেওয়া তথ্য যাচাই করছে দিল্লি পুলিশ।

এর আগে গত বুধবার (১৪ অক্টোবর) সৌরভ দাস ও আশুতোষ রানকাকে পাঁচ দিনের জন্য তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশের অভিযোগ, তারা শান্তি রক্ষার মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন এবং যন্তর মন্তরে অনধিকার প্রবেশ করেছেন। সম্প্রতি দিল্লির এই স্থানকে বিক্ষোভের জন্য নির্ধারিত জায়গার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে থাকা অজিঙ্কা শিন্ডেকে শান্তি রক্ষার মুচলেকায় সই করার পর ছেড়ে দেওয়া হয়।

পুলিশের দাবি, বারবার নিয়ম ভঙ্গ, জনশান্তি বিঘ্নিত করা কিংবা অন্যদের উসকে দেওয়ার আশঙ্কায় সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে একটি বিক্ষোভের ঘটনায় আটক হওয়ার পর তারা এক বছরের জন্য শান্তি বজায় রাখার মুচলেকায় সই করেছিলেন।

এদিকে শনিবার (১৭ অক্টোবর) মুক্তি পাওয়ার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলের দুই নেতার একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, এখন শুধু তার ভাইদের মুক্তির অপেক্ষায় রয়েছেন।

সৌরভ ও আশুতোষের আটকের ঘটনায় সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগও তুলেছেন অভিজিৎ দীপকে।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আশু ও সৌরভকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাদের অপরাধ কী? যন্তর মন্তরে তেরঙ্গা ওড়ানো।

নতুন একটি শান্তি রক্ষার মুচলেকায় সই করার পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার দিল্লি পুলিশ তাকে ছেড়ে দেয়।

এর আগে শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলের ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ঝান্ডেওয়ালানে নিজের বাসভবনের কাছ থেকে তাকে আটক করা হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন