রাজধানী

মাঝ আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে বিপত্তির মুখে পড়ে। মাঝ আকাশে হঠাৎ দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছেন অ্যাম্বুলেন্সটির পাইলট। পরে বিমানটিতে থাকা অসুস্থ নারীও মারা গেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকায় অবতরণের পর অঞ্জনা ভৌমিক নামের ওই নারীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত অঞ্জনা ভৌমিক ভারতীয় নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটিতে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকা অনুযায়ী, তাদের সবার জাতীয়তাই ভারতীয়।

এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ। আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে এ বিপত্তি ঘটে।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন ছিলেন।

তবে মাঝ আকাশে ঠিক কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে অসুস্থ ওই নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন