শামীমকে পিটিয়ে হত্যা “অনুতপ্ত নই” বললেন প্রধান আসামি আমিনী
সাতক্ষীরার দেবহাটার ধর্ম অবামনার অভিযোগে শামীম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি ফজলুল হক আমিনী বলেছেন ‘পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে গেছে, এ জন্য আমি অনুতপ্ত নই’
শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (১৮ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘আইনের দৃষ্টিতে আমি অপরাধী। তবে আমি যে কাজটি করেছি, আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। আল্লাহ পাক এর সঠিক ফয়সালা করবেন। তবে তাকে পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটে গেছে।’
শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় অনুতপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘না, এ জন্য আমি অনুতপ্ত নই। সে যে ওভাবে নাস্তিক ছিল, আমরা প্রথমে ধারণা পাইনি। পরে বিভিন্ন দেশ থেকে নাস্তিকরা যেভাবে মোবাইলে কল করে আমাকে হুমকি দিয়েছে, তাতে নিশ্চিত হয়েছি, সে আসলে নাস্তিক ছিল।’
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘ফজলুল হক আমিনী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে জানিয়েছেন। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে পুলিশ।’
আই/এ