জাতীয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে যাত্রা করেন তিনি। রংপুরের পাশাপাশি এদিন রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানান, সফরের প্রথম পর্যায়ে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

সালেহ শিবলী বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের নীতি হলো—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এবার দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। তিন মহানগরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাতেই ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন তিনি। বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

কর্মসূচির পরবর্তী অংশে বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

সেখান থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতির পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন