জেন-জি বিক্ষোভ ঘিরে ইন্দোনেশিয়ায় ৯ হাজার পুলিশ মোতায়েন
ইন্দোনেশিয়ায় জেন-জি বিক্ষোভের আশঙ্কায় রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো সাংবাদিকদের জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এ আন্দোলনের ডাক দিয়েছে। সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের দরপতন, মুদ্রা রুপিয়ার অবমূল্যায়নসহ জাতীয় অর্থনীতির নাজুক পরিস্থিতি নিয়ে অসন্তোষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও রাজধানীতে প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির কর্মীরা একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি তুলে ধরেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলেও তার নেওয়া বিভিন্ন জনতুষ্টিবাদী কর্মসূচি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন তিনি।
সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) এক জরিপে দেখা গেছে, গত বছরের নভেম্বরে প্রাবোওর জনপ্রিয়তার হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ। তবে চলতি মাসে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা তার জনপ্রিয়তার ইতিহাসে সর্বনিম্ন।
এর আগেও দেশটিতে বিক্ষোভ ঘিরে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০২৫ সালে পুলিশের হামলায় এক মোটরসাইকেলচালক নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে গত আগস্টে ব্যাপক বিক্ষোভের ঘটনায় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়। নতুন করে শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
এসি//