৮০০ পিস ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার
পাবনার আমিনপুরে ৮০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে কাজিরহাট স্পিডবোট ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় তার ডোপ পরীক্ষার ফল ইতিবাচক আসায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার উপপরিদর্শক মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল কাজিরহাট ঘাট এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া তিনি এলাকার কয়েকজন পরিচিত মাদক কারবারির নাম ও ঠিকানা দিয়েছেন।
ওসি আরও জানান, সোহেল রানার দেওয়া তথ্য যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসি//