এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হবে। বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই কর্মকর্তা আরও জানান, শুরুতে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রত্যাশার চেয়ে এগিয়ে থাকায় ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি না হলে এ সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।
তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো গত ৯ সেপ্টেম্বর শেষ হয়।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে। এ জন্য educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘রেজাল্ট’ অপশন নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিয়ে ফল দেখা যাবে। একই সঙ্গে নম্বরপত্রও সংগ্রহ করা যাবে।
মুঠোফোনে খুদে বার্তায় ফল দেখার নিয়ম
অনলাইনের পাশাপাশি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের বার্তা অপশনে গিয়ে ইংরেজিতে ‘এইচএসসি’ লিখে একটি ফাঁকা স্থান দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে বার্তা পাঠাতে হবে। ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
এসি//