দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের ওই ভিডিওর সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ‘দ্য হলি মস্কস’-এর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে খালিজ টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদের ভেতরে অশালীন আচরণের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে ভিডিওটিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়।
তবে ‘দ্য হলি মস্কস’ স্পষ্ট করেছে, ভিডিওটি ওই ঘটনার প্রমাণ নয় এবং এর সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো প্রমাণিত সম্পর্ক নেই।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ, ঘটনার পরিস্থিতি কিংবা সংশ্লিষ্ট মসজিদের নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়।

এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, কীভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কোন প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনকে বিষয়টি জানিয়েছিল কি না, সে বিষয়েও তথ্য জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সরকারি তথ্যের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। বিশেষ করে কোনো ভিডিওর সঙ্গে ঘটনার সম্পর্ক নিশ্চিত না হয়ে সেটিকে প্রমাণ হিসেবে প্রচার না করার বিষয়ে সতর্ক থাকা জরুরি।
সূত্র: খালিজ টাইমস
এসি//