জাতীয়

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী

অভাবের তাড়নায় অনাগত সন্তানকে ‘বিক্রি’ করতে চান মা। এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অন্তঃসত্ত্বা নারী আঁখির পাশে দাঁড়িয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) নিজ কার্যালয়ে ডেকে তার হাতে সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী। আজ (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবেদনটি নজরে আসার পরই দ্রুততম সময়ের মধ্যে আঁখি ও তার পরিবারের সন্ধান করা হয়। মাত্র একঘণ্টার মধ্যে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আঁখির স্বামী দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত। স্বামীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে পরিবারটি ঋণের বোঝায় জর্জরিত। সেই ঋণের টাকা পরিশোধের অসহায় চেষ্টা থেকেই আঁখি তার গর্ভের সন্তান ‘বিক্রি’ করার মতো কঠিন ও হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন।

গত রোববার আঁখি ও তার পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে পরিবারের হাতে একলাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহনসহ কর্মসংস্থানেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন