খুলনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে জিন্নাত আলী (৩৫) নামে এক ব্যক্তির পরিচয় জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইলের ডাঙ্গীরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পারভেজ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি (ডাঙ্গীরপার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিও দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।
হতাহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জিন্নাত আলীর মৃত্যু হয়। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকও মারা গেছেন বলে জানা গেছে।
আই/এ