যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান গবেষণায় ইন্টার্নশিপ, মিলবে ১৩ হাজার ডলারের বেশি
যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান ও গ্রহবিষয়ক গবেষণায় হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট (এলপিআই)। ২০২৭ সালের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কর্মসূচিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ১০ সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীদের অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলার আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নির্বাহেও সহায়তা থাকবে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট অথবা নাসার জনসন মহাকাশকেন্দ্রে এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে। কর্মসূচি চলবে ২০২৭ সালের ৭ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।
যেসব সুযোগ-সুবিধা মিলবে
১০ সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলার আর্থিক সহায়তা পাবেন। এ সহায়তার মধ্যে আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় অন্তর্ভুক্ত। আবাসনের খরচ সরাসরি নির্ধারিত আবাসন প্রতিষ্ঠানে পরিশোধ করা হবে এবং তা মোট আর্থিক সহায়তা থেকে সমন্বয় করা হবে।
এ ছাড়া অভিজ্ঞ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করা, গবেষণায় বাস্তব অভিজ্ঞতা অর্জন, বৈজ্ঞানিক বক্তৃতায় অংশ নেওয়া এবং পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালায় অংশগ্রহণের সুযোগ থাকবে। ইন্টার্নরা নিজেদের গবেষণার ফলাফল উপস্থাপন করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগও পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে এবং অন্তত ৫০ সেমিস্টার ক্রেডিট ঘণ্টা সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ শুরুর আগের সেমিস্টারেও স্নাতক ডিগ্রি কর্মসূচিতে নিবন্ধিত থাকতে হবে।
ভৌতবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটারবিজ্ঞান ও গণিতের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত ফলাফল, পাঠ্যক্রম, অভিজ্ঞতা, বৈজ্ঞানিক আগ্রহ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও গবেষণার সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করা হবে। লিঙ্গ বা প্রতিবন্ধকতার কারণে আবেদনে কোনো বাধা নেই।
ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল পরীক্ষার ফলাফলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকের সনদও গ্রহণযোগ্য হতে পারে।
যেসব কাগজপত্র লাগবে
আবেদনের জন্য হালনাগাদ জীবনবৃত্তান্ত, ইংরেজিতে প্রস্তুত করা আনুষ্ঠানিক শিক্ষাগত নম্বরপত্র, দুই বা তিনটি সুপারিশপত্র এবং প্রয়োজন অনুযায়ী ইংরেজি দক্ষতার প্রমাণ জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের পাশাপাশি কয়েকটি রচনাধর্মী প্রশ্নের উত্তরও দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধকের মাধ্যমে আনুষ্ঠানিক নম্বরপত্র পাঠানোর নির্দেশনা রয়েছে। আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীকে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী শিক্ষার্থীদের ১৪ ডিসেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত শর্ত জানতে ইনস্টিটিউটের আনুষ্ঠানিক ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্র: এলপিআই
এসি//