দেশজুড়ে

রমেক হাসপাতালে আগুন,জরুরি অপারেশন বন্ধ

ছবি: সংগৃহীত

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে  ৪০ জন রোগী ও স্বজন আহত হয়েছেন। আগুনের ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপালের বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ আছে অপারেশন ও জরুরি চিকিৎসা সেবা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে হাসপাতালের নিচতলায় বিদ্যুতের কন্ট্রোল রুমের প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে এই আগুনের সূত্রপাত ঘটে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উপপরিচালক ডা. মোহা. আব্দুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দীর্ঘ ছয় ঘণ্টা হাসপাতালটি সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। দীর্ঘক্ষণ চেষ্টার পর কয়েকটি ওয়ার্ডে আংশিক বিদ্যুৎ সরবরাহ করা গেলেও নেফ্রোলজি, হৃদরোগ, গাইনি, কিডনি ডায়ালাইসিস ওয়ার্ড অন্ধকারে।

এদিকে আগুন লাগার খবরে আতংকে দ্রুত নামতে গিয়ে নেফ্রোলজি, গাইনিসহ বেশ কয়েকটি ওয়ার্ডের ৪০ জন রোগী আহত হয়েছেন।

গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী মমতাজ বেগম জানান, পাঁচ দিন আগে তার শিশুকন্যার জন্ম হয়েছে। আগুন লাগার খবর শুনে তিনি শিশুসন্তানকে নিয়ে নিচে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন। এ ছাড়াও জরুরি বহির্গমন সিঁড়ি দিয়ে অনেকেই নিচে নামেন। এ সময় পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন