রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফলে প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে অংশ নিচ্ছেন না রাষ্ট্রদূত দাউদ আলী।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শামা ওবায়েদ। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জলবায়ুবিষয়ক বিশ্ব সম্মেলন কপ-৩১ সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে তৈরি জাতীয় অবস্থানপত্র প্রকাশ এবং জাতীয় সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনার কথাও জানান শামা ওবায়েদ।
তিনি বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন ও প্রশমন—দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিলে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ অর্থ ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়া জরুরি, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা আরও না বাড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক আলোচনার টেবিল থেকে দেশের জন্য প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে সমন্বিত উদ্যোগ জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় যৌথভাবে একটি আন্তমন্ত্রণালয় সমন্বয় দল গঠন করেছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ কার্যক্রমে যুক্ত করার সুযোগ রয়েছে।
এসি//