রাজধানী

বিএমইউ হাসপাতালের ৮ম তলার জানালা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

ছবি: ফাইল ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হাসপাতালের অষ্টম তলার গ্রিলবিহীন জালানা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

সামিয়া গাজীপুরের কামারজুরী ইউসুফ আলী হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা নুরুন্নবী বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কনফেকশনারির দোকান চালান।

নুরুন্নবী জানান, তার স্ত্রী পারুল আক্তার (৪৫) জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ থেকে ছয় দিন আগে বিএমইউ হাসপাতালে ভর্তি হন। আগামী ২৮ অক্টোবর তার অস্ত্রোপচারের দিন নির্ধারিত ছিল। তিনি হাসপাতালের অষ্টম তলার একটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

নুরুন্নবী বলেন, বাইরে থেকে ফিরে মায়ের কাছে খাবার চায় সামিয়া। ভাত খাওয়ার পর সে শয্যার পাশে কোমরসমান উঁচু জানালার মতো একটি স্থানে বসে নিচের দিকে তাকাচ্ছিল। এ সময় মাথা ঘুরে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।

গুরুতর আহত সামিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেয়ের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নুরুন্নবী। তিনি জানান, চিকিৎসকদের কাছ থেকে জেনেছেন, সামিয়ার ঘাড় ও একটি হাত ভেঙে গিয়েছিল। তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের ভেতরেও গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হয়েছিল।

নুরুন্নবী আরও বলেন, তিনি নিঃসন্তান ছিলেন। তিন বছর বয়সে সামিয়াকে দত্তক নিয়ে নিজের সন্তানের মতো করে বড় করেছেন। মেয়েকে হারিয়ে তিনি ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।

সামিয়ার মা পারুল আক্তারের অভিযোগ, জানালায় গ্রিল না থাকায় তার মেয়ে আটতলা থেকে পড়ে গেছে। সেখানে গ্রিল থাকলে এমন দুর্ঘটনা ঘটত না।

প্রত্যক্ষদর্শীরাও উঁচু ভবনের জানালায় গ্রিল না থাকার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। তারা জানান, মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে এসে মেয়েকে জীবন দিতে হলো। জানালায় গ্রিল না থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, বিশেষ করে ছোট শিশুদের জন্য।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন