বাংলাদেশে ঢুকে কৃষকদের ধাওয়া খেয়ে পালালো বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে স্থানীয় কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় কৃষকেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুড়ে ভারতের দিকে সরে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর মূল সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। আজ (২৫ অক্টোবর) লালমনিরহাট ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় কৃষকরা জানান, তারা বাংলাদেশের অভ্যন্তরে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে তাদের জমি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে কৃষকদের ওপর বিএসএফ হামলা চালায়। এতে দুই কৃষক আহত হন।
এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের কৃষক ও স্থানীয় লোকজন একত্র হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের দিকে চলে যান।
লালমনিরহাট ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম জানান, ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও বিএসএফকে জানানো হবে।
তিনি আরও বলেন, বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় কৃষকদের দাবি, তারা বাংলাদেশের ভেতরে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ ঘটনাকে কেন্দ্র সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আই/এ