নিকি মিনাজকে দেখে ট্রাম্পের মন্তব্য, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’
রাজনীতির মঞ্চে ভাষণ দিতে গিয়ে এবার নিতম্বের প্রশংসায় মজলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আর সেই প্রশংসার পাত্র নিজেরই সমর্থক, জনপ্রিয় র্যাপার নিকি মিনাজ। মিশিগানের এক সমাবেশে মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে হাসি-উল্লাসের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ২৫ অক্টোবর মিশিগানের পোর্ট হুরনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে নিকি মিনাজকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আমি খুব সুন্দর একটি নিতম্ব দেখেছি। নিকি মিনাজ।’
এরপর তিনি বলেন, ‘তাকে চোখে না পড়ে উপায় নেই।’ এ সময় মিনাজকে উঠে দাঁড়াতে বলেন ট্রাম্প। মিনাজ দাঁড়িয়ে উপস্থিত জনতার দিকে হাত নাড়লে দর্শকেরা উল্লাস করেন। পরে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, নিকি এতে অপমানিত বোধ করেননি। আমরা নিকিকে ভালোবাসি। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন।’
সম্প্রতি ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হুস্টেডের শারীরিক গঠন নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প নিকি মিনাজের প্রসঙ্গ তোলেন। সাবেক আমেরিকান ফুটবল খেলোয়াড় হুস্টেডের শারীরিক গঠন নিয়ে করা মন্তব্যটি নিছক রসিকতা ছিল বলে দাবি করেন তিনি।

মিশিগানের সমাবেশে ট্রাম্প বলেন, তিনি কখনো কোনো পুরুষকে এ ধরনের কথা বলেননি। নারীদের ক্ষেত্রে বলেছেন, তবে পুরুষদের ক্ষেত্রে নয়। এরপরই তিনি নিকি মিনাজের নাম উল্লেখ করেন।
রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন জানাতে ওই দিন ট্রাম্পের সঙ্গে সমাবেশে যোগ দেন মিনাজ। তারা এয়ার ফোর্স ওয়ানে করে মিশিগানে যান। মঞ্চে মিনাজকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প রসিকতা করে বলেন, মিনাজ তার চেয়েও বেশি মনোযোগ আকর্ষণ করেন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মিনাজ বলেন, ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি।’ যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান সময়কে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি মিশিগানের বাসিন্দাদের এই রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।
পরে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে মিনাজ বলেন, ‘প্রতিবার আপনার সঙ্গে থাকতে পারা সম্মানের।’
তিনি আরও বলেন, ‘আমি চিরকাল আপনাকে সমর্থন করব।’ ভবিষ্যতে ট্রাম্প আবার নির্বাচনে দাঁড়ালেও তাকে সমর্থন দেওয়ার কথা জানান এই র্যাপার।
এসি//