সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি
সৌদি আরবের দুটি শহরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে জরুরি সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরানে এ সতর্কতা জারি করা হয়।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ‘জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থা’র মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে। সম্ভাব্য ঝুঁকির কারণে সাইরেন বাজিয়ে তাদের নিরাপদে থাকার এবং নির্ধারিত সুরক্ষা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নাজরানে সতর্কতা জারির প্রায় আট মিনিট পরই তা প্রত্যাহার করা হয়। পরে আভা শহর থেকেও একইভাবে সতর্কতা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
তবে কী কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে প্রাথমিক ঘোষণায় বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈরিতার কারণে সৌদি আরবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। হুথিরা সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলা প্রতিহত করার খবর জানিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসি//