ওয়াশিংটন ডিসিতে রাবি এলামনাইয়ের সঙ্গে অধ্যাপক ড.মেহেদীর সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন,ওয়াশিংটন ডিসি (URAAWDC)-এর সাথে রাবি অধ্যাপক ড.শাহ হোসাইন আহমদ মেহেদীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ওয়াশিংটনে আয়োজিত এক সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানে রাবিয়ানদের উপস্থিতিতে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে রাবির প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের সাথে ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন এবং প্রবাসে তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রফেসরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রবাসে তাঁদের এই ধরনের মেলবন্ধন ও ঐতিহ্য ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত সকল রাবিয়ানদের পক্ষ থেকে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলামনাই প্রেসিডেন্ট মোহাম্মদ জহরুল ইসলাম, সেক্রেটারি আজিমা আজমল (রক্সি), মঞ্জুরুল আলম, এস এম জাহিদূর রহমান, ডা. হাকিম ও হযরত আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মির্জা গালিব।
আই/এ