ভোটের পরিবেশ নষ্ট হওয়ার প্রমাণ পায়নি ইসি: সিইসি
এখন পর্যন্ত ভোটের পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো প্রমাণ পায়নি নির্বাচন কমিশন (ইসি)। সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব। পর্যবেক্ষণ শেষে বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
নাসির উদ্দীন বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। সব কার্যক্রম সবার সামনে দৃশ্যমান রাখার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আগাম যেসব অভিযোগ জানানো হয়েছিল, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে কমিশন। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয় রিটার্নিং কর্মকর্তারাও অভিযোগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, শুধু ঠাকুরগাঁও নয়, দেশের প্রতিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।
এ জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাও প্রকাশ করেন সিইসি।
এমএ//