আমার ছেলে সাঁতার জানত, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে : তাহসিফের বাবা
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দ্বীপ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ধাওয়ার মুখে নদে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ। তবে এ তথ্য মানতে নারাজ তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম।
শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইকে দ্বীপের দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে এসব কথা বলেন তাহসিফের বাবা।
তিনি বলেন, কেন তাহসিফকে ধাওয়া দিতে যাবে? এগুলো বাজে কথা, প্রশ্নই আসে না। আমার ছেলে সাঁতার জানতো। ও তো পাইলট। ওদের সুইমিংয়ের কোর্স করা এবং তার ওপর সার্টিফিকেট আছে। সাঁতারের ওপর বড় ধরনের কোর্স করা আছে আমার ছেলের।
ঘটনা আড়াল করা কিংবা কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে এনায়েতুল করিম বলেন, স্বাভাবিকভাবে তো এটাই মনে হয়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে আমার মনে হচ্ছে।
এদিকে তাহসিফ নিখোঁজ হওয়ার আগে সিসিটিভির ফুটেজে দেখা যায় দ্বীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন। সেই দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় দ্বীপের তথ্য অনুযায়ী তাহসিফের মালিকানাধীন সন্দেহে নম্বরপ্লেটবিহীন একটি বাইকও উদ্ধার করা হয়।
আই/এ