জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডভিত্তিক ফলাফলে ১৬ হাজার ৭১৪ জন জিপিএ-৫ নিয়ে সবার শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।
এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুরে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রামে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছেন বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা।
এদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এসি//