শিক্ষা

১-২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ১ মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষা দিতে পারবেন তারা।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও বিষয়টি তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় প্রথমবারের মতো এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ফলে এক-দুই বিষয়ে অকৃতকার্য হলেও শিক্ষার্থীদের প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।

দীর্ঘ এই অপেক্ষায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তারা দ্রুত পুনঃপরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন।

বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। এ ছাড়া চট্টগ্রামে ৫২ দশমিক ০৭, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪, সিলেটে ৫০ দশমিক ৯০, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬, যশোরে ৪৪ দশমিক ৯২ এবং বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৫৪৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন