জাতীয়

দেশবাসীকে জরুরি সতর্কবার্তা দিল বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ব্যবহার করে অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের ঘটনা নজরে এসেছে কর্তৃপক্ষের। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিমানের নাম ব্যবহার করে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ধরনের কোনো ফরম বিমান কর্তৃপক্ষ তৈরি বা অনুমোদন করেনি। ফলে ফরমটি কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্টতা নেই।

বিমান কর্তৃপক্ষ জানায়, সংস্থাটির নিয়োগ বিজ্ঞপ্তি যথাযথ অনুমোদনের পর জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা। পাশাপাশি নিয়োগসংক্রান্ত সব তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত গুগল ফরম কিংবা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ধরনের লিংকের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অনুমোদিত ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত নিয়োগ পোর্টাল ব্যবহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন