ধর্ষণচেষ্টার পর শিশুর নাক মুখ থেতলে দেয়ার মামলায় অভিযুক্ত গ্রেপ্তার
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার ১২ ঘণ্টার মাধ্যে অভিযুক্ত মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।
রোববার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড় থেকে আসামী মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন, টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান।
তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছিলেন। পুলিশের সোর্স প্রথমে আসামিকে শনাক্ত করে আটক করেন। এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।’
গত ৩০ অক্টোবর বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ সময় শিশুটি বাধা দিলে অভিযুক্ত ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে বলে অভিযোগ ভুক্তভোগী শিশুর পরিবারের। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে। মামলার ১২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’
এদিকে, ঘটনার পর থেকেই শিশুটির চিকিৎসা ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। ভুক্তভোগী পরিবারকে আসামীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।
টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কদ্দুস জানান, ‘রবিবার সকালে ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
এমজে/এ