ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, চাকরি গেল শিক্ষকের
কোচিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে অশালীন ও অশোভন আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের ভাঙ্গার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক নজরুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওই শিক্ষককে চূড়ান্তভাবে বরখাস্তের দুই দিন পর আজ (১ নভেম্বর) দুপুরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই শিক্ষক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ভাঙ্গা পৌর শহরের কোর্টপাড়া এলাকায় একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে পড়ান। দশম শ্রেণির ওই ছাত্রীকেও(১৫) প্রাইভেট পড়ানোর সময় এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ওই শিক্ষক কালো রঙের প্যান্ট এবং সাদা রঙের একটি শার্ট পরিহিত রয়েছেন। অন্যদিকে ছাত্রীটি একটি বেগুনি রঙের থ্রি পিস পরে আছেন। কোচিং সেন্টারের ফাঁকা ওই কক্ষে হোয়াইট বোর্ডের কাছে ওই শিক্ষক তার ছাত্রীকে জাপটে ধরে মুখে চুমু খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আমরা আগেই তাকে প্রথমে সাময়িক ও তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরে স্থায়ীভাবে বরখাস্ত করেছি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ওই শিক্ষকের ঘটনাটি সত্য বলে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একজন শিক্ষক হয়ে এমন কার্যক্রম খুবই নিন্দনীয় কাজ।
অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক নজরুল ইসলামের মোবাইল নম্বর বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।
আই/এ