জাতীয়

মোটরসাইকেলের নম্বরপ্লেট লেখার নিয়মে পরিবর্তন

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে বা আনুভূমিকভাবে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

রোববার (০১ নভেম্বর) বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত সংশোধিত বিধিমালা প্রকাশ করা হয়। এর আগে গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে সংশোধন আনা হয়েছে।

নতুন বিধিমালায় মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগের পদ্ধতির পাশাপাশি এক লাইনে নম্বর লেখার সুযোগ রাখা হয়েছে। এ পদ্ধতি অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে বিআরটিএকে।

এ ছাড়া মোটরসাইকেলের নকশার সঙ্গে মিল রেখে সামনের রেজিস্ট্রেশন চিহ্ন বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী প্রতিফলক প্লেটে প্রদর্শনের অনুমতিও দিতে পারবে কর্তৃপক্ষ।

সংশোধিত বিধিমালায় সামনের নম্বরপ্লেটের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণের দায়িত্বও বিআরটিএর হাতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নামের অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি বোঝাতে ব্যবহৃত অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং সংখ্যার মধ্যবর্তী দূরত্ব।

একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে।

সংশোধিত বিধিমালাটি অবিলম্বে কার্যকর হয়েছে। ফলে মোটরসাইকেলের নকশা ও সামনের নম্বরপ্লেটের ধরন বিবেচনা করে নতুন পদ্ধতিতে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন