জাতীয়

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি ও উৎপাদন বন্ধের উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ কোনো ধরনের কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কোনো কোনো মহল উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। কিছু দুষ্কৃতিকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের যেসব দাবি ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরাও এতে সন্তুষ্ট হয়েছেন। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে আলোচনা হয়েছে। উভয় পক্ষই আলোচনায় সন্তুষ্ট।

মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।

তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধ কিংবা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কিছু মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন