শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে নিয়ে যান। এ সময় রাজীব ঘোষ নামের আরেক সাংবাদিককেও সঙ্গে নেওয়া হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে আনা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন ডিবি প্রধান।
ডিবিসি নিউজের প্রধান প্রতিবেদক আবু দাউদ খানও ইকবাল সোবহান চৌধুরীকে কার্যালয় থেকে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি জানান, ঘটনা সত্য। তাকে ডিবি পুলিশ এসে অফিস থেকে নিয়ে গেছে। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আমাদের জানা নেই। আমারা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় ইকবাল সোবহান চৌধুরীকে। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেদিন তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। একই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে যান তিনি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন ইকবাল সোবহান চৌধুরী। বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। পরে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এসি//