বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
প্রায় এক যুগ ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার এবং কল্যাণে কাজ করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। এরই ধারাবাহিকতায় রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্কোয়ারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে শিশুদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বুধবার (০৪ নভেম্বর) বিকেলে পরিদর্শনকালে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি বিভিন্ন হস্তশিল্প পণ্য ঘুরে দেখেন তিনি। শিশুদের সঙ্গে কথা বলে তাদের স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার গল্পও শোনেন।
এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে সরকারের উদ্যোগ নেওয়ার কথা জানান জহির উদ্দিন স্বপন।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি। তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম জানান, শিশুদের পাশাপাশি তাদের বাবা-মাকেও হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করছে সংস্থাটি।
অনুষ্ঠানের শেষ পর্বে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।