দেশজুড়ে

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। নিহত যুথি দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, যুথি প্রতিদিনের ন্যায় গেল মঙ্গলবার সকাল ৯টার দিকে স্কুলের নির্বাচনি পরিক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের পরীক্ষার পরে যুথি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে তার খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পাননি। 

পরে নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সকালে জামাল হাওলাদার বাড়ির পাশের বাগানে যুথির ব্যবহৃত জুতা দেখতে পান। জুতার সূত্র ধরে খোঁজ করতে করতে বাগানের ভিতরে একটি ডোবার মধ্যে মেয়ের বিবস্ত্র মরদেহ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিকে খবর দেয়।

ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে। 

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হসপিটালে প্রেরণ করা হয়েছে।

 

 এমজে/এ/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন