অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স শিক্ষার্থীদের ২ দাবি, ৭২ ঘণ্টার আল্টিমেটাম
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে দুই দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দুই দফা দাবি হলো—
১. মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
২. কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১০টায় প্রতিষ্ঠানটির সামনের সড়কের দু’পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ডের সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল সকাল সাড়ে ১০টায় পদত্যাগের দাবিতে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মধ্যরাতে তাকে উদ্ধার করে পুলিশ।
শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়ামে অনুষ্ঠান চালু রাখায় দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। পরে আসন ফিরিয়ে দেয়ার শর্তে এক রাতের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এ ঘটনাকে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
আই/এ