প্রযুক্তি খাতে বড় ধস, বিশ্ববাজারে আড়াই লাখ কোটি ডলারের ক্ষতি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের ধাক্কা লেগেছে বিশ্বজুড়ে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) একদিনেই বৈশ্বিক শেয়ারবাজারের মোট বাজারমূল্য থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার কমে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর নতুন নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
শুক্রবার (০৬ নভেম্বর) লেনদেনের শুরুতেই দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার কসপি সূচক প্রায় ৯ শতাংশ কমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির শেয়ারবাজারে ২০ মিনিটের জন্য লেনদেন স্থগিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৫ দশমিক ৫২ শতাংশ হারায়। ২০২৫ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের ঘোষণার পর নাসডাকের জন্য এটিই ছিল সবচেয়ে বড় এক দিনের পতন।
একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোন্স সূচকও ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ এক দিনের দরপতনের মুখে পড়ে।
বাজার বিশ্লেষকদের মতে, এই দরপতনের অন্যতম কারণ টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার জয়। এআই প্রযুক্তির বিকাশে টেক্সাস এখন গুরুত্বপূর্ণ বিনিয়োগ কেন্দ্র। গুগল, মেটা, ওরাকল ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠান সেখানে বিপুল অর্থ ব্যয় করে ডেটা সেন্টার তৈরি করছে।
নির্বাচনি প্রচারে হিনোজোসা নতুন ডেটা সেন্টার নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখা এবং এ খাতে বিনিয়োগকারীদের দেওয়া কিছু কর-সুবিধা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার জয়ের পর প্রযুক্তি অবকাঠামো নির্মাণে নতুন বিধিনিষেধ আসতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা প্রযুক্তি ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রি শুরু করেন।
এর প্রভাব পড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারদর কমে ৯ দশমিক ৩ শতাংশ। এতে চলতি বছরের অর্জিত সব দরবৃদ্ধি মুছে যায়। চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি গুরুত্বপূর্ণ সূচকও ১২ দশমিক ৩ শতাংশ পড়ে যায়, যা প্রায় সাড়ে ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় পতন। একই দিনে ইলন মাস্কের টেসলার শেয়ার ১১ শতাংশ এবং স্পেসএক্সের শেয়ার ৯ শতাংশ কমে।
প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গঠিত নাসডাক ১০০-এর সূচকও ৬ দশমিক ৩৬ শতাংশ হারিয়েছে। ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারির প্রভাবের পর সূচকটির এটিই ছিল সবচেয়ে বড় এক দিনের পতন।
এআই অবকাঠামো সরবরাহকারী ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান কোরউইভ ও নেবিয়াসের শেয়ারদর যথাক্রমে প্রায় ১০ ও ১৫ শতাংশ কমেছে।
বুধবার কোয়ালকম জানায়, মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় তাদের বিক্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠানটির আয় বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়াতে না পারায় বৃহস্পতিবার শেয়ারদর কমে ৯ দশমিক ৫ শতাংশ। এর আগে ইন্টেলও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল।
বাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ পরিমাপের সূচক ভিআইএক্স একদিনে প্রায় ৭০ শতাংশ বেড়েছে। প্রায় দুই বছরের মধ্যে এটিই সূচকটির সবচেয়ে বড় এক দিনের উত্থান। একই সঙ্গে সাত মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে সূচকটি। বৃহস্পতিবার এসঅ্যান্ডপি ৫০০-এর ১১টি খাতের সবগুলোতেই শেয়ারদর কমেছে।
প্রযুক্তি খাতের শেয়ারে অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীদের একটি অংশ তুলনামূলক নিরাপদ সরকারি বন্ডে অর্থ সরিয়ে নিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার কমে ৪ দশমিক ৮৪ শতাংশে দাঁড়িয়েছে, যা দুই মাসের মধ্যে সর্বনিম্ন।
বুধবার অ্যামাজন, মেটা ও গুগলের শেয়ারদর বেড়েছিল। তখন বিনিয়োগকারীদের একাংশের ধারণা ছিল, ডেটা সেন্টারে বিনিয়োগের ওপর বিধিনিষেধ এলে এসব প্রতিষ্ঠান ব্যয় কমিয়ে মুনাফা বাড়াতে পারবে। তবে পরদিন সেই ধারণা থেকে সরে আসেন তারা। নতুন বিধিনিষেধ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কায় শেয়ার বিক্রি শুরু হয়।
সূত্র: সিএনএন
এমএ//