দেশজুড়ে

ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ছবি: প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাসের এক শিশুও রয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (০৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০), তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে শিমুলতলী থেকে যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শওকত হাসান ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মোর্শেদ, তার স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিলকে (১৬) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি এ.টি.এম. মাহমুদুল হক হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন