দেশজুড়ে

মাদ্রাসার শিক্ষা সফরের বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ৩০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে শিক্ষা সফরে যাওয়া একটি বাস। এতে মাদ্রাসার এক শিক্ষিকাসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (০৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনাকবলিত বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। এতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। শিক্ষা সফরের অংশ হিসেবে তারা কক্সবাজার যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পাশের একটি ইটভাটার শ্রমিকেরা উদ্ধারকাজে অংশ নেন। তারা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন। পরে আহতদের কেরানীহাটসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

ওসি নুরুল আবসার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে গেলে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন