বৃদ্ধ চা দোকানিকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাঈম খান (৬০) নামে এক বৃদ্ধ চা দোকানি নিহত হয়েছেন। নিহত নাঈম খান সিদ্ধিরগঞ্জের শিমলাই উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমলাই উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, দুপুরে বাড়ির সামনের রাস্তায় তার শ্বশুরের ওপর হামলা চালান প্রতিবেশী হোসেন, ইকবাল ও মায়াসহ ৩-৪ জন। এ সময় তারা নাঈমকে এলোপাথাড়ি মারধর করেন। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি জানান, দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। রাস্তার জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আই/এ