আইন-বিচার

৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ

সাংবাদিককে হয়রানি, অশালীন ভাষায় গালাগাল, হত্যার হুমকি এবং জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর বক্তব্য প্রকাশের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। একই নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও।

রোববার (০৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে অশালীন বক্তব্য, গালাগাল, হুমকি, অশালীন অভিনয় ও অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিডিও, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শিত হয়—এমন অশালীন নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকেও বিরত থাকতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ না নেওয়া হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার অভিযোগ করেন, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করছেন। পাশাপাশি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

আইনজীবী আরও বলেন, পরীমনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্রশিল্পী। তাই তার কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সাধারণ মানুষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন