৩৫ টাকা দরে ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে আমন চাল সংগ্রহ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর তারিখ হতে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ মেট্রিক টন ধানসহ সরকার সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে। এর মধ্যে আমন ধান ৩ লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ৫০ হাজার মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান কেজি ৩৫ টাকা এবং সিদ্ধ চালের কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা কেজি দরে কেনা হবে।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬ এর প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশে চালের পর্যাপ্ত মজুত আছে। খাদ্য সংকটের কোন শঙ্কা নেই।
আই/এ