আন্তর্জাতিক

পাকিস্তানকে ১২ প্রদেশে ভাগ করার পরিকল্পনা সরকারের

পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুশাসন নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং সব অঞ্চলে উন্নয়ন পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশজুড়ে গণভোট আয়োজনের কথা বিবেচনা করছে সরকার।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়নে ২০২৭ সালের প্রথমার্ধে সংসদে ২৮তম সংবিধান সংশোধনী উত্থাপন করা হতে পারে। এ লক্ষ্যে একই বছরের প্রথম প্রান্তিক থেকেই প্রাথমিক প্রস্তুতি শুরুর পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবকে চারটি, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানকে তিনটি করে এবং সিন্ধকে দুটি প্রদেশে ভাগ করার প্রস্তাব রয়েছে। তবে নতুন প্রদেশগুলোর সীমানা ও প্রশাসনিক কাঠামো কেমন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। উদ্যোগটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কোনো নির্দিষ্ট প্রদেশ বা রাজনৈতিক দলকে দুর্বল করার উদ্দেশ্যে এ পরিকল্পনা নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে।

মূলত পাকিস্তানের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ সংস্কারের উদ্যোগ।

তবে পাকিস্তানে প্রদেশ পুনর্গঠনের বিষয়টি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এ নিয়ে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যও রয়েছে। এ পরিস্থিতিতে দলীয় অবস্থান ও রাজনৈতিক দরকষাকষির বাইরে গিয়ে জনগণের সরাসরি মতামত জানতে সংসদীয় আলোচনার আগে গণভোট আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

গণভোটে জনগণের সমর্থন পাওয়া গেলেও নতুন প্রদেশ গঠনের প্রক্রিয়া সহজ হবে না। সীমানা নির্ধারণ, সম্পদ বণ্টন ও প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য দেশটির সব রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা এবং দীর্ঘ সংসদীয় আলোচনার প্রয়োজন হবে।

সূত্র: জিও নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন