পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৫ ডিগ্রি
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উত্তরের জেলা পঞ্চগড়ে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডার অনুভূতি, ভোরে ঘাস ও গাছের পাতায় জমছে শিশির। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র বদলে যাচ্ছে। তীব্র রোদে দুপুরে অনুভূত হচ্ছে গরম। ফলে একই দিনে সকাল-রাতের শীত আর দিনের গরমে ভিন্ন আবহাওয়ার মধ্য দিয়ে সময় কাটছে জেলার মানুষের।
সোমবার (০৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দেড় ডিগ্রি। তবে রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে রাত যত বাড়ে, ঠান্ডার অনুভূতিও তত বাড়তে থাকে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যায়। এ সময় অনেকে গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে ঘর থেকে বের করা হচ্ছে পুরোনো লেপ ও কম্বল। তবে দিনের বেলায় রোদের কারণে ঠান্ডার অনুভূতি অনেকটাই কমে যায়।
আবহাওয়ার এমন পরিবর্তনের প্রভাব পড়ছে জনজীবনেও। সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে মৌসুমি অসুস্থতার প্রবণতা বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।
চিকিৎসকেরা জানিয়েছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা থেকে সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী গরম কাপড় পরতে হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শুধু পঞ্চগড় নয়, সারা দেশেই রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েক দিনে তা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।