আন্তর্জাতিক

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১২৫

মিশরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২৫ জন। রোববার (০৮ নভেম্বর) রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা। আহতদের চিকিৎসা দিতে আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিশরের রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী ১৩৪ নম্বর একটি যাত্রীবাহী ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো থেকে আসওয়ানগামী ২০১০ নম্বর ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ সংঘর্ষ ঘটে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের উদ্ধারে ৭২টি অ্যাম্বুলেন্স কাজ করেছে। পরে তাদের আল-ওয়াস্তা, আল-আইয়াত ও আতফিহ এলাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে অনেকের হাড় ভেঙেছে। কেউ কেউ মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন।

দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার উদ্ধার ও চিকিৎসার কাজ তদারকি করছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে গিজা ও বেনি সুয়েফ প্রদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনার পেছনে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। এ জন্য দুর্ঘটনাস্থল, ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি ও রেললাইন পরীক্ষা করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের সঙ্গে কথা বলছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনার পর গিজা ও উচ্চ মিশরের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত বগি ও ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে ভারী ক্রেন ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মিশরের রেলপথে প্রাণঘাতী দুর্ঘটনা নতুন নয়। ২০০২ সালের ফেব্রুয়ারিতে আল-আইয়াতের কাছাকাছি এলাকায় কায়রো থেকে লুক্সরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটির ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন